
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নারী দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আজমীর হোসেন প্রমুখ। পরে নারী দিবস উপলক্ষে অফিসার্স ক্লাব চত্বরে নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রদর্শনীতে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন এবং তাদের উৎপাদিত পণ্য ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি নারীদের স্বাবলম্বী হয়ে ওঠার প্রচেষ্টা ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাওয়ার উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি তিনি দেশগঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে মহিলা পরিষদের উদ্যোগে দিবসটি পালিত হয়। ‘বৈষম্য রুখব, প্রথা ও সংস্কার ভাঙব, সমতার পৃথিবী গড়ব’ স্লোগানে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা শহরের পান্না চত্ত্বরে অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে এসে একত্রিত হন সংগঠনটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের প্রধান সড়ক পথে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাড. দেবাহুতী চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, বাংলাদেশের কমিউস্টি পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ ধীরেন্দ্রনাথ দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর সাহাদত হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ প্রমুখ।