
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে গত রোববার রাজবাড়ীতে মতবিনিময় সভা রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম (বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল), জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, বাংলাদেশ সেনাবাহিনী।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, রাজবাড়ী জেলা প্রশাসনসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক উর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ।সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি, আন্তঃবাহিনী সমন্বয়, নির্বাচনি আচরণবিধি প্রতিপালন এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে তিনি রাজবাড়ী এসে পৌছালে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ তাকে সাদর অভ্যর্ত্থনা জানান।