
রাজবাড়ীতে পচা গুড়, নিষিদ্ধ হাইড্রোজ ও চিনি মিশিয়ে গুড় উৎপাদনের দায়ে একটি গুড় কারখানার মালিক মো. কামরুল ইসলাম প্রামাণিককে তিন বছরের সশ্রম কারাদ- এবং এক লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
রাজবাড়ীর বিশুদ্ধ খাদ্য আদালতের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান এ রায় দেন। মামলার রায়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিম্নমানের গুড় উৎপাদনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদ- ও ১ লক্ষ টাকা অর্থদ- আরোপ করেন। অভিযুক্ত মো কামরুল ইসলাম প্রামাণিক পলাতক রয়েছে।
জানা গেছে, রাজবাড়ীর পাংশা উপজেলার কাচারিপাড়ার মো. কামরুল ইসলাম প্রামাণিকের মালিকানাধীন কামুর দোজালি গুড় কারখানায় গত ২৯/১১/২০২৫ তারিখে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কামুর দোজালি কারখানাতে চিনি, পুরাতন পচাঁ গুড়, নিষিদ্ধ হাইড্রোজ মিশিয়ে গুড় উৎপাদন করতে পাওয়া যায়। কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর পাওয়া যায়, কাঁচামালের গুদামে ফিটকিরি, ইউরিয়া ও সালফার-ম্যাগনেসিয়াম সারের উপস্থিতি পাওয়া যায়। ইউরিয়া ও সালফার-ম্যাগনেসিয়াম সারের উপস্থিতির কারণ হিসেবে কারখানায় কর্মরত একজন জানান সেগুলো তার ফসলি জমির জন্য উক্ত গুদামে সংরক্ষণ করা হয়েছে। অভিযানকালে ১০০ মনের অধিক পচা গুড় কারখানায় এবং ৩৪ বস্তা চিনি, আনুমানিক ২০ কেজি হাইড্রোজ, আনুমানিক ২০ কেজি ফিটকিরি গুদামে পাওয়া যায়। এসকল অসংগতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩, ২৫ ধারায় বিশুদ্ধ খাদ্য আদালত, রাজবাড়ীতে নিয়মিত মামলা রজু করা হয়।