
রাজবাড়ীর কালুখালীতে তরুণ ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করেছে দুর্বত্তরা। মঙ্গলবার রাত ১০টায় কালুখালীর মদাপুর ইউনিয়নের তালুকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম সাগর শেখ। সে মৃত সাহেব আলীর পুত্র। তাকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, সাগর মদাপুর বাজারের মুদি ও বিকাশ ব্যবসায়ী। প্রতিদিনের মত সে বাড়ি ফিরছিলো। বাড়ির ২০ গজ দূরে ওঁৎ পেতে থাকা দুর্বত্তরা তার গতিরোধ করে। পরে তারা সাগরের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বিকট শব্দে গুলি ছোড়ে। কিন্তু ভাগ্যক্রমে গুলিটি কপালের পাশ কেটে বের হয়ে যায়। এসময় সাগর চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে। দুর্বত্তরা সাগরের টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরই স্থানীয়রা সাগরকে প্রথমে রাজবাড়ী পরে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাগরের মা জুলেখা বেগম বলেন, আমার ছেলে মুদি ও বিকাশের ব্যবসা করে। রাতে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে। তার কাছে থাকা বিকাশের ৩ থেকে ৪ লাখ টাকা নিয়ে গেছে। তবে টাকা রাখার খালি ব্যাগ ফেলে গেছে। তিনি চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি আমার ছেলে সাগর।
সাগরের স্ত্রী চুমকি খাতুন বলেন, আমার স্বামীর সাথে কারো শত্রুতা ছিল না। টাকার জন্যই গুলি করেছে। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন জানান, ঘটনার বিষয় উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।